| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রোরেলে সময় ও ট্রিপ সংখ্যা বাড়ছে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০৮:৩৫:৩৫:পূর্বাহ্ন  |  ১৪০০৫২৮ বার পঠিত
মেট্রোরেলে সময় ও ট্রিপ সংখ্যা বাড়ছে

রিপোর্টার্স২৪ ডেস্ক :  আগামী ১৯অক্টোবর (রোববার) থেকে বাড়ছে ট্রেন চলাচলের সময়। নভেম্বর থেকে বাড়বে ট্রিপের সংখ্যাও। এছাড়া সেবার সময়ও বাড়ানো হবে বলে জানিয়েছে ঢাকায় মেট্রোরেল নির্মাণ-পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।  এর ফলে যাত্রীরা আরো বেশি সময় মেট্রোরেল ব্যবহার করতে পারবে এবং স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষার সময়ও কমবে। 

জানা গেছে, সকাল ও রাতে আধা ঘণ্টা করে বেশি সময়  চলবে ট্রেন। ফলে দিনে মোট এক ঘণ্টা বাড়তি সেবা পাবেন যাত্রীরা। 

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালানো হয় বাড়তি ট্রেন চলাচল। এর ভিত্তিতেই মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বৈঠকে নতুন সময়সূচি কার্যকরের সিদ্ধান্ত আসে। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন। সময় ও ট্রিপ বাড়লে এই সংখ্যা পাঁচ লাখ ছাড়াতে পারে।

রোববার থেকে সপ্তাহে ছয় দিন (শনিবার–বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে, যেখানে আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়, যা আগে ছিল রাত ৯টা।

মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে ছিল ৭টা ৩০ মিনিট) এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল ৯টা ৪০ মিনিট)।

শুক্রবারে এখন মেট্রোরেল চালু হয় বিকেল ৩টায়। নতুন নিয়মে তা শুরু হবে আধা ঘণ্টা আগে, অর্থাৎ বেলা আড়াইটায়। রাতেও চলবে আধা ঘণ্টা বেশি।

নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এখন প্রতিদিন মোট ২৩৮টি ট্রিপ হয়। নতুন পরিকল্পনায় ট্রেনের ‘হেডওয়ে’ বা এক ট্রেনের পর আরেক ট্রেনের আসার ব্যবধান কমিয়ে আনা হবে।

বর্তমানে ব্যস্ত সময়ে ট্রেন আসে প্রতি ৬ মিনিটে, কম ব্যস্ত সময়ে ৮ মিনিটে এবং সবচেয়ে কম ব্যস্ত সময়ে ১০ মিনিটে। নতুন সূচিতে এই ব্যবধান যথাক্রমে ৪, ৬ ও ৮ মিনিটে নামিয়ে আনা হবে। এই ব্যবধান কমলে যাত্রীদের ট্রেন ধরার জন্য অপেক্ষার সময়ও কমবে।

উত্তরা-মতিঝিল রুটে এখন আছে ২৪ সেট ট্রেন, প্রতিটিতে ছয়টি কোচ। এর মধ্যে ১৩ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। সময় ও ট্রিপ বাড়লে ১৯ সেট ট্রেনবে চলবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪