কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভিসিডি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু ভায়ানা সেভেন স্টার ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক ভাঁড়রা ভিসিডি ব্রাদার্স ক্লাব।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকার ভিসিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে ভিসিডি ব্রাদার্স ক্লাব।
আকর্ষণীয় ফাইনাল ম্যাচটি উপভোগ করতে বিকেল থেকেই মাঠে দর্শকদের ঢল নামে। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা ও উচ্ছ্বাস। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।
খেলা দেখতে আসা দর্শক আতিকুর রহমান সবুজ বলেন, অনেক দিন পর এমন জমজমাট একটি ফাইনাল খেলা উপভোগ করেছেন তিনি। দর্শক মো. মন্নু ও রবিউল ইসলামও খেলার প্রশংসা করেন। তাঁদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী। খেলা শেষে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন।
ভিসিডি ব্রাদার্স ক্লাবের সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রিপোর্টার্স২৪/রাফিদ