রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকার জনবহুল এলাকায় কোন কেমিক্যাল গোডাউন যেন না থাকে সে ব্যাপারে আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে। এসব জায়গায় কেমিক্যাল মজুদে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
তিনি বলেন, ‘এর আগেও পুরান ঢাকায় এ রকম অগ্নিকাণ্ড ঘটেছে। সে কারণে ওই জায়গা থেকে কেমিক্যাল গোডাউনগুলো বিভিন্ন জায়গায় সরানো হয়েছে। বাকি এলাকা থেকেও জরুরিভাবে কেমিক্যাল গোডাউনগুলো উৎখাত করা দরকার। এজন্য পলিসি পরিবর্তন করা দরকার হলে সেটাই করতে হবে।’
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে মানুষগুলো মারা গেছেন তাদের বিষয়ে সরকার কাজ করছে। হাসপাতালের হেল্প ডেস্ক ও সমাজকর্মীরা এ বিষয়ে ফলোআপ করবে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নিয়ে বসবে। তাদের বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। নিখোঁজদের বিষয় ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করতে হলে এক্সপার্টদের সাহায্য লাগবে। এক্সপার্টদের বুদ্ধি নিয়ে কাজটি করতে হবে। এখানে পুলিশসহ অনেককে লাগবে। যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে সবকিছু নিয়ে ফলোআপের দায়িত্ব আমার মন্ত্রণালয়ের। এবং আমি সেটি করব। আমার যেটা করণীয় আমি সেটা অতি দ্রুত করতে চাই।’
রিপোর্টার্স২৪/এসএন