সিনিয়র রিপোর্টার: রাজধানীর রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এখনো কাজ করছে। ভয়াবহ এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন্য নিহত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা গতকাল ১১টা ৪০ মিনিট থেকে আগুন নেভানোর কাজ শুরু করেছি। গতকালকেই গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাশে যে কেমিক্যালের গোডাউন, যেটা আলম ট্রেডারস নামে পরিচিত, সেই গোডাউনের আগুন আমরা আজ বেলা ২টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আনার ঘোষণা করেছি। তবে গোডাউনে ৬-৭ ধরনের কেমিক্যাল থাকায় সতর্কতা অব্যাহত রয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে উদ্ধার অভিযান শুরু করতে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে।’
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ভবনটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কলামসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এর ফলে ভবনে সরাসরি সার্চ অপারেশন চালানো ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ধাপে ধাপে কাজ করার কারণে উদ্ধার অভিযান শুরু হতে আরও ২৪-৭২ ঘণ্টা সময় লাগতে পারে।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে এই আগুনের সংবাদ আসে। পরে সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
রাজধানীর রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে ৯ জন নিহত হয়েছেন। এরপর মৃতের সংখ্যা বেড়ে ১৬ জন।
রিপোর্টার্স২৪/এসসি