| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উচ্চ আদালতকেও সংস্কার করতে চান আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১৬:১২:১২:অপরাহ্ন  |  ১৩৯৯২০৫ বার পঠিত
উচ্চ আদালতকেও সংস্কার করতে চান আসিফ নজরুল
ছবির ক্যাপশন: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, নিম্ন আদালতে সংস্কার হলেও উচ্চ আদালতে সংস্কার না হলে কোনো লাভ হবে না। এতে বিচারপ্রার্থীরা সুফল পাবে না। নিম্ন আদালতে মামলা নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকে। বিচার ব্যবস্থার পূর্ণ সংস্কারের জন্য উচ্চ আদালতকেও সংস্কার করতে হবে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে প্রথমবারের মতো ‘ই-বেইলবন্ড কার্যক্রমের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন উচ্চ আদালতের সংস্কারের জন্য ১৫টি প্রস্তাব করেছেন। প্রস্তাবগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। বাস্তবায়নের জন্য বিবেচিত হয়েছে কিনা তাও জানি না। আমি মনে করি, নিম্ন আদালত ও উচ্চ আদালত আইসোলেটেড থাকলে হবে না।

তিনি আরও বলেন, নিম্ন আদালতে অনেক সংস্কার করব কিন্তু উচ্চ আদালত আগের মতো থাকবে, তাহলে বিচারপ্রার্থীরা লাভবান হবেন না। আমি আশা করি, উচ্চ আদালতের সংস্কারের ব্যাপারেও সংশ্লিষ্টরা সচেতন হবেন।

আইন উপদেষ্টা বলেন, আমরা লিগ্যাল এইডের ব্যবস্থা করেছি, যেন ছোটখাটো বিরোধ নিয়ে আদালতে যেতে না হয়। সে লক্ষ্যে আমরা অনেকগুলো সংস্কার করেছি। এটাও পাইলট পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি, আগামী ২-৩ মাসের মধ্যে ই-বেইলবন্ড, অনলাইন লিগ্যাল এইড সারা দেশে ছড়িয়ে দিতে পারব। আমরা যে সংস্কারগুলো হাতে নিয়েছি, তার মূল লক্ষ্য হলো ন্যায়বিচার নিশ্চিত করা, বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানো ও তাদের অর্থের সাশ্রয় করা। 

তিনি বলেন, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ সরকারি কর্মকর্তাদের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়ায় পরিবর্তনের জন্য আমরা অনলাইনভিত্তিক সাক্ষ্য প্রবর্তনের উদ্যোগ নিচ্ছি। বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে প্রচলিত বেলবন্ড দাখিল পদ্ধতিকে ডিজিটাল মাধ্যমে নেওয়া হয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, নারায়ণগঞ্জে অনেক বড় গডফাদার ছিল। অনেক নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের পরিবর্তে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। তারই প্রতীক হিসেবে প্রথম এ জেলাতেই পাইলট প্রকল্প হিসেবে অনলাইন বেলবন্ডের প্রক্রিয়া শুরু করেছি।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪