মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্তরের বালক শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলার চারটি বিদ্যালয় থেকে মোট ৪০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মুক্ত সাঁতার, বুক সাঁতার, শীত সাঁতার ও প্রজাপতি সাঁতার—এই চারটি ইভেন্টে দুইটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়, আর ‘খ’ গ্রুপে ছিল নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ক্রীড়া সাংবাদিক আব্দুল মোমিন, সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, মূলজান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফজলুর রহমান ও নবারুণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম শরিফুল আলমসহ অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সাঁতার শুধু একটি খেলা নয়, এটি একটি জীবনরক্ষাকারী দক্ষতা। প্রতি বছর দেশে বহু মানুষ পানিতে ডুবে মারা যায়, তাদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তাই প্রতিটি শিশুর সাঁতার জানা জরুরি।” তিনি আরও বলেন, “সরকার খেলাধুলা ও শারীরিক চর্চাকে এখন শিক্ষার অংশ হিসেবে বিবেচনা করছে। সাঁতারের মতো খেলা শরীর ও মনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আত্মবিশ্বাস ও দলগত চেতনা বৃদ্ধি করে।’
তিনি জানান, ‘মানিকগঞ্জের প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত সাঁতার প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা জীবনের জন্য প্রয়োজনীয় এই দক্ষতা অর্জন করতে পারে।’ জেলা প্রশাসক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা