| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজৈরে নিখোঁজের চার দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১৫:৩৮:৪০:অপরাহ্ন  |  ১৩৯৮২৩২ বার পঠিত
রাজৈরে নিখোঁজের চার দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর
ছবির ক্যাপশন: ছবি: প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও মিঠুন মল্লিক (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে, নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, এবং সেই সূত্র ধরে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

নিখোঁজ মিঠুন মল্লিক রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের সিরাজকাঠি গ্রামের মনোরঞ্জন মল্লিকের ছেলে। তিনি এলাকায় কৃষিকাজের পাশাপাশি পিতার মুদি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর সকাল ৮টার দিকে মিঠুন মল্লিক নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার মিঠুন মল্লিক নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল লুঙ্গি ও আকাশি রঙের হাফহাতা শার্ট।

সারাদিন বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করেন। তবুও তার কোনো সন্ধান না পেয়ে ১৪ অক্টোবর রাতে ছোট ভাই মনোতোষ মল্লিক রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে নিখোঁজের মামা ও আমগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দীনেশ বালা বলেন, আমার ভাগিনা মিঠুন খুবই শান্ত-স্বভাবের মানুষ ছিল। কৃষিকাজ ও দোকানে নিয়মিত বসতো। এতদিনেও কোনো খোঁজ না পেয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন মিঠুনকে জীবিত অবস্থায় উদ্ধার করে আমাদের হাতে ফিরিয়ে দিন।

নিখোঁজ মিঠুনের ১২ বছর বয়সী ছেলে মানব মল্লিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি ও আমার দুই ছোট বোন বাবাকে ছাড়া কীভাবে বাঁচব? দয়া করে আমার বাবাকে ফিরিয়ে দিন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ হোসেন খান বলেন, নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪