চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ৫ নম্বর রোডের ৯ তলা ভবনের আগুন এখন পাশের চার তলা ভবনেও ছড়িয়ে পড়েছে।
কিছুক্ষণ অন্তর অন্তর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, আর লেলিহান শিখা আকাশের বড় অংশ আলোকিত করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। জনতার উৎপাত সামলাতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সক্রিয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে নৌবাহিনীর ১৯টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগা ভবনে প্যাকেজিং, তুলা, কেমিকেল ও ফেব্রিকসসহ বিভিন্ন কিছু ছিল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এই ভবনে আগুনের সূত্রপাত ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে আগুন নিচের দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এবং নৌবাহিনীর ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সেনা বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী আগুন নেভানোর কাজে যুক্ত রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক জসিম উদ্দিন জানান, আগুনের তীব্রতা বাড়ছে। উপরের দিক থেকে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তারা আপ্রাণ চেষ্টা করছেন যাতে আগুন বাইরে ছড়িয়ে না পড়ে।
রিপোর্টার্স২৪/সোহাগ