রিপোর্টার্স২৪ ডেস্ক : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগবে। এখনও ঘটনাস্থলে তাদের ১৭টি ইউনিট কাজ করছে। এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে ভয়াবহ রূপ নেয়।
অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিটের সঙ্গে বিমানবাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিটসহ মোট ২৫টি ইউনিট কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও সহায়তায় যোগ দেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিস রোবট ইউনিটও ব্যবহার করে, যা স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করে।
সিইপিজেড সূত্রে জানা গেছে, অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল তোয়ালে ও ক্যাপ উৎপাদন করত, আর জিহং মেডিকেল কোম্পানিতে তৈরি হতো সার্জিক্যাল গাউন। গুদামে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের সর্বোচ্চ তলায় অবস্থিত গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়।
রিপোর্টার্স২৪/ঝুম