রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) দুই কারখানায় লাগা ভয়াবহ আগুন। তবে স্বস্তির খবর—ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ২৫টি ইউনিট কাজ করেছে। এতে সহযোগিতা করেছে পুলিশ, আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন,আমাদের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই কাজ করেছেন। সবচেয়ে ইতিবাচক বিষয় হলো, আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়েনি। সবাই একসাথে কাজ করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বর এলাকার একটি কারখানায় প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে জিন হং মেডিকেল কোম্পানির কারখানাতেও। আগুনের তীব্রতায় ভবনের ছাদের অংশ ধসে পড়ে এবং দুইটি কারখানাই ক্ষতিগ্রস্ত হয়।
রিপোর্টার্স২৪/ঝুম