| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিযোগীতায় অংশ নিচ্ছে আর্জেন্টিনাসহ ১৩ দেশ

প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপের আসর বসছে বাংলাদেশে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৯:৫২:৩৯:পূর্বাহ্ন  |  ১১৯২১১৬ বার পঠিত
প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপের আসর বসছে বাংলাদেশে

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশে বসতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের আসর। কাবাডিকে ঘিরে দীর্ঘদিন পর আন্তর্জাতিক অঙ্গনে বড়সড় আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

বিশ্বকাপ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, ‘দেশজুড়ে কাবাডির চর্চা চলছে, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হচ্ছে। আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের অংশগ্রহণ বাড়ছে। এবার কাবাডি বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে আমরা আরও একধাপ এগিয়ে যাব।’

এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে বিশ্বের ১৩টি দেশ- যার মধ্যে চমক হিসেবে থাকছে আর্জেন্টিনার অংশগ্রহণ। এছাড়া অংশ নিচ্ছে চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার। বিকল্প দল হিসেবে প্রস্তুত থাকবে পাকিস্তান ও পোল্যান্ড।

মূলত ২০২৪ সালের আগস্টে ভারতে এই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তা স্থগিত হয়ে যায়। পরে বাংলাদেশ এই আয়োজনের দায়িত্ব নেয় এবং প্রস্তুতি শুরু করে।

মেয়েদের কাবাডিতে দীর্ঘদিন পদকশূন্য থাকা সত্ত্বেও ফেডারেশন আশাবাদী, এই আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি দেশে কাবাডির জনপ্রিয়তাও নতুন মাত্রা পাবে।

বিশ্বকাপ আয়োজনের জন্য নির্ধারিত বাজেট ১০ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ৫ কোটি টাকা, আর বাকি অর্থ সংগ্রহে স্পন্সরদের সহায়তা নিচ্ছে ফেডারেশন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪