বরিশাল প্রতিনিধি : বরিশালে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে ১৫ সাংবাদিক সংগঠন। বরিশালে সম্প্রতি সাংবাদিকতার নামে সাধারণ মানুষ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারী -সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জিন্মি করে চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সাংবাদিক সংগঠনগুলো এই বিবৃতি দেয়।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকতার মতো মহান এই পেশাকে দুর্বৃত্তায়নের মাধ্যমে কলুষিত করছে কতিপয় সাংবাদিক নামধারী চাঁদাবাজ। সংঘবন্ধ এই অসাধু চক্রের অনৈতিক কর্মকাণ্ডে বরিশালে কর্মরত পেশাদার সৎ সাংবাদিকরা বিব্রত ও লজ্জিত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তনে পেশাদার সাংবাদিকদের ১৫টি সংগঠনের নেতৃবৃন্দ এক জরুরি সভায় মিলিত হন। বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতৃবৃন্দ অখ্যাত পত্রিকা, অনুমোদনহীন অনলাইন পোর্টাল ও কথিত অনলাইন টিভি’র নামধারী চাঁদাবাজদের অপসাংবাদিকতা প্রতিরোধে বিভিন্ন মতামত তুলে ধরেন।
সাংবাদিক নেতারা বলেন, ‘সাংবাদিকতার নামে চাঁদাবাজ চক্রের অপতৎপরতা এতোই বেপরোয়া হয়ে পড়েছে যে, নামধারী ওই কথিত সাংবাদিক চক্র গভীর রাতে সড়কে পণ্যবাহী ট্রাক থামিয়েও চাঁদাবাজি করছে। সড়কে চলছে ‘প্রেস’ লেখা অগণিত মোটরসাইকেল। এই চক্র অনুমোদনহীন তথাকথিত ফেসবুক টিভির বুম নিয়ে সর্বত্র ঘুরে বেড়ায়। সংবাদ মূল্য নেই বা সংবাদ প্রকাশের যোগ্য নয়- এমন কিছু বিষয়ে ঘটনাস্থলে গিয়ে এই চক্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে চাঁদা দাবি করে। একাধিক ধর্ষণ মামলায় জেলখাটা ব্যক্তিও এই নগরীতে অখ্যাত পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজিতে লিপ্ত।
সাংবাদিক নেতৃবৃন্দ মনে করেন, এইসব গর্হিত কাজ এমন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে যে, প্রকৃত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অপসাংবাদিকতা প্রতিরোধ জোট গঠন করা প্রয়োজন।
সভায় অপসাংবাদিকতা প্রতিরোধে একটি অ্যাকশন কমিটি গঠন করা হয়। অ্যাকশন কমিটি অপসাংবাদিকতা রোধে এরই মধ্যে মাঠপর্যায়ে চাঁদাবাজ সাংবাদিকদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
রিপোর্টার্স২৪/এসএন