মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর-২ আসনের এমপি প্রার্থী ও জেলা জাকের পার্টির সভাপতি মো. আসাদুজ্জামান আকন বলেছেন, একদল আছে যারা শুধু নির্বাচনের সময় জনগণের দ্বারে দ্বারে ঘোরে ভোটের আশায়। কিন্তু নির্বাচন শেষ হলেই তাদের আর দেখা মেলে না। তারা কোটি কোটি টাকা খরচ করে ভোট কিনে নেয়, পরে সেই অর্থ বিদেশে পাচার করে। অথচ জাকের পার্টি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই সব দলের মূল লক্ষ্য হলো ভোটারদের ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করা। কিন্তু জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করে এবং তাদের পাশে থাকার চেষ্টা করে। তাই আগামী নির্বাচনে জাকের পার্টি জনগণের প্রত্যাশা ও ভালোবাসায় ভোটের মাধ্যমে বিজয়ী হতে চায়।
অনুষ্ঠানে জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি মো. ফায়েক মাতুব্বরের সঞ্চালনায় কবিরাজপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আয়নাল শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন— ফরিদপুর বিভাগের জাকের পার্টির সভাপতি সামছল আলম সিরাজ মুন্সি, কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সহ-সভাপতি অ্যাডভোকেট জাহিদ হাসান মিঠু, ফরিদপুর বিভাগের ছাত্রফ্রন্টের সভাপতি সোহানুর রহমান সুজন জমাদার, কেন্দ্রীয় যুবফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এস. এম. মাসুদউদ্দীন আহমেদ, জেলা শ্রমিকফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম মোড়ল এবং রাজৈর উপজেলা জাকের পার্টির সভাপতি শাহাদাত হোসেন (মাতু) প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে জাকের পার্টি। ওই নির্বাচনে জাকের পার্টি সরকার গঠন করবে। জনগণের শান্তি ও আস্থার জায়গা হিসেবে জাকের পার্টির সরকার প্রতিষ্ঠা সময়ের দাবি। তাই গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জাকের পার্টিকে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালি কবিরাজপুর বাজার প্রদক্ষিণ করে। পরে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/আরকে