চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৫ কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৭ অক্টোবর ) রাতে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম গাজী ও অপর আরেকটি সহযোগী ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন-মো. ইসমাইল (১৭), মো. রেজওয়ান ইসলাম তানিম (১৬), আনিছুর রহমান (১৫), ছলেমান আজিমীন (১৫) ও রেদুয়ান হোসেন (১৭)। এদের বাসা শহরের বড় স্টেশন ও নাজির পাড়া এলাকায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গ্রেপ্তার কিশোরগ্যাং সদস্যদের বিরুদ্ধে স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যার ফলে পুলিশ সুপারের নির্দেশে তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আগামীকাল শনিবার সবাইকে আদালতে সোপর্দ করা হবে।
রিপোর্টার্স২৪/আরকে