লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতা জামায়াতে যোগ দিয়েছেন। হোসেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে হোসেন কর্মী সমর্থক নিয়ে জামায়াতে যোগ দেন।
এ সময় তিনি জামায়াতের সদস্য ফরম পূরণ করেন। তবে তার সঙ্গে জামায়াতে যোগ দেওয়া অন্যদের পদ-পদবি সম্পর্কে জানা যায়নি।
এ সময় চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি ফখরুল ইসলাম ও সদস্য শফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জামায়াত নেতা ওমর ফারুক বলেন, হোসেন আহমেদ অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন। তারা সকলেই জামায়াতের সদস্য ফরম পূরণ করেছেন।
হোসেন আহমেদ বলেন, শেখ হাসিনার পতনের পরও আমি বিএনপি করতাম। এরপর থেকে দেখেছি বিএনপির সঙ্গে আল্লাহ-রাসুলের আইনের কোনো সম্পর্ক নেই। এতে আমার মন বলছিল আমি অন্যায় পথে চলছি। তখন আমি চিন্তা করেছি আমি অন্যায় পথে থাকতে পারব না। এই চিন্তা থেকেই আমি জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমিসহ আমার সঙ্গে বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক জামায়াতে যোগ দিয়েছে। আগামী দিনে আমরা সকলে জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে কাজ করবো।
রিপোর্টার্স২৪/সোহাগ