নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল জব্দ করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সাইফুল ইসলাম। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার মো.জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের ইসলাম কটেজের এটিএম মাজাহারুল ইসলামের ছেলে।
জানা যায়, গ্রেপ্তার সরোয়ার এলাকার চিহ্নিত ফেন্সিডিল কারবারি। তিনি দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে ফেন্সিডিল-ইয়াবা ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলেন।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ক্রেতা সেজে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এছাড়া ইতোপূর্বে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ১টি মামলা বিচারাধীন রয়েছে।
রিপোর্টাস২৪/আরকে