শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ নয়াপাড়া গ্রামের স্থানীয় একটি জারি গানের মঞ্চ অশ্লীলতার অভিযোগ তুলে ভেঙে দিয়েছে স্থানীয় আলেম সমাজ ও তৌহিদী জনতা। গত ১৭ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নলবাইদ এলাকার নয়াপাড়া গ্রামের জসিম, মমিন, রহিম মাস্টার, আকরাম ও লালমিয়াসহ কয়েক জন যুবক প্রায় ১ সপ্তাহের নিরলস পরিশ্রমের মাধ্যমে উক্ত জারি গানের আসরের আয়োজন করেন।
তবে এই আয়োজন স্থানীয় আলেম সমাজের বাধার মুখে পড়ে প্রথম দফায় তা বন্ধ হয়ে যায়। ঘটনার কয়েকদিন পর দ্বিতীয় দফায় ঐ যুবকদল আবারও গানের আসর শুরু করেন। ফলে আলেম সমাজের একটি অংশ পুনরায় বাধা দিলে জারি গানের আয়োজকরা তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। এরই অংশ হিসেবে আলেমসমাজ ও তৌহিদী জনতা মিলে জারি গানের মঞ্চ ভেঙে দেয়।
ঘটনার পরদিন আজ শনিবার হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় আলেম সমাজ চরমোচারিয়া বক্সীগঞ্জ সড়ক অবরোধ করে। পরে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে আলেম সমাজ অবরোধ তুলে নেয়।
রিপোর্টার্স২৪/আরকে