যশোর প্রতিনিধি : যশোরে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে । তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহিদ হোসেন (৪০) নামে এক ইজিবাইক চালকে হত্যা করা হয় ।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জাহিদ হোসেন আশ্রম রোড পশ্চিম পাশে বসবাস করতেন। তিনি পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে আশ্রম রোডের জনৈক ফারুকের গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন জাহিদ। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে আশা নামের অপর এক ইজিবাইক চালক তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন ।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম