লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। গ্রামেগঞ্জে মা-বোনদেরকে ভুল-ভাল বুঝিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে। এটা কোথা থেকে পেলো, ডিলারশিপ দিলো কারা, কারা বিক্রি করে এটা আমরা জানি না। একটি দল আমাদের দেশে এই অপকর্ম করছে। আবার দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি মানুষ বেহেশতে যাবে না, এই সমস্ত কথা যারা বলে তারা বেঈমান মোনাফেক।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় নবীগঞ্জ মাদ্রাসা মাঠে মহিলা দলের ব্যানারে এ আয়োজন করা হয়।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে দল বা মার্কায় ভোট না চেয়ে ব্যক্তির জন্য ভোট চাচ্ছে জামায়াত। এটি দ্বিচারিতা। বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত ষড়যন্ত্র চলছে। একটি দল বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, আর এখানে গ্রামেগঞ্জে ভোট কুড়িয়ে বেড়ায় আর প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়, এটা হলো তাদের স্ববিরোধী বক্তব্য। আমি অন্তরে এক বাহিরে আরেক। এ ধরনের দ্বিচারীদের সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের কথায় এবং কাজে মিল থাকতে হবে।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কথা এবং কাজে মিল রয়েছে। হাসিনার সঙ্গে তিনি কখনো আঁতাত করেননি, দীর্ঘদিন জেলে খেটেছেন। এরশাদের সঙ্গে আঁতাত করেননি, জেল খেটেছেন। খালেদা জিয়ার দল বিএনপি, আমরা যেটা বলি সেটা করি। আমাদের নেতা তারেক রহমান যেটা বলেছেন আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা লোকের দায়-দায়িত্ব উনি নিবেন। কারা ভোট দিয়েছে, না দিয়েছে তাতে কিছু যায় আসে না।
চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি বীনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, বিএনপি নেতা জামাল হোসাইন, চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক কামালুর রহমান মানিক প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসসি