ইন্টারন্যাশনাল ডেস্ক : দীর্ঘ বৈঠকের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি করে প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় শান্তি-বৈঠকে যোগ দিয়েছিল। সেখানে শনিবার রাত পর্যন্ত আলোচনা চলেছে। অবশেষে রোববার সকালে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুদ্ধবিরতির কথা জানিয়েছে।
মূলত দু’টি দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছেছে পাকিস্তান-আফগানিস্তান। কাতার ছাড়াও মধ্যস্থতাকারী দেশ হিসাবে শান্তি-বৈঠকে ছিল তুরস্ক। উভয়ের সঙ্গেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দোহায় সমঝোতা হয়েছে। তার মধ্যস্থতা করেছে কাতার আর তুরস্ক। সমঝোতার আলোচনার সময়ে দুই পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি এবং অঞ্চলে শান্তি স্থাপনের জন্য পদক্ষেপে রাজি হয়েছে। আগামী দিনে এই যুদ্ধবিরতিকে স্থায়ী করতে তারা আলোচনায় বসবে। দুই দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা যাতে নিশ্চিত হয়, তা দেখবে।’’ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে শান্তি স্থায়ী হবে বলেও আশা প্রকাশ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
দোহার বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব। পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
আফগানদের বিরুদ্ধে পাকিস্তানের মূল অভিযোগ ছিল, তারা সীমান্তে সন্ত্রাসবাদীদের মদত দেয় এবং পাকিস্তানের মাটিতে হামলা চালানোয় উস্কানি দেয়। আফগানিস্তান সেই দাবি অস্বীকার করেছে বার বার। গত এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলেছে। রক্ত ঝরেছে সীমান্তে। বুধবার ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল দুই পক্ষ। শুক্রবার তার মেয়াদ শেষ হলে ফের উত্তেজনা ছড়ায়। পাকিস্তান হামলা চালায় আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে। দাবি, সেখানে জঙ্গিঘাঁটি লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। তবে তালেবান সরকার জানিয়েছে, পাকিস্তানি হামলায় তিন ক্রিকেটারসহ ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ় বর্জন করে আফগান ক্রিকেট বোর্ড।
দোহার শান্তি-বৈঠক আপাতত সীমান্ত যুদ্ধবিরতি আনল। তবে তা কত দিন স্থায়ী হবে, আদৌ শান্তি ফিরবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
রিপোর্টার্স ২৪/এমবি