নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বিলে কচুরিপানার ভেতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিলের কচুরিপানার মধ্য থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিক উপজেলার হলদা গ্রামের স্থানীয় এক কৃষক জমিতে ঔষুধ ছিটাতে যান। এসময় কচুরিপানার ভেতরে মানবদেহের হাড় দেখতে পান। পরে স্থানীয়রা খবর পেয়ে কচুরিপানার নিচে আরো কিছু হাড় খুঁজে পান। রাতে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করেন। তবে কঙ্কালটি নারী নাকি পুরুষের সেটি নিশ্চিত এখনো জানা যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, উপজেলার হলদা গ্রাম থেকে অজ্ঞাত একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি নারী নাকি পুরুষের সেটা প্রাথমিক ভাবে বলা যাচ্ছেনা। এটির পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন