কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলায় নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত মোশারফ হোসেন মুসা একই এলাকার মৃত আকবর মন্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন এবং প্রতিদিনের মতো শনিবার রাতে বসত ঘরের বারান্দায় ঘুমাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘নিহত ব্যক্তির বুকে হাঁসুয়া-জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শুধু ভ্যান চুরির জন্য এমন নির্মম হত্যাকাণ্ড না-ও হতে পারে। কারণ, তাহলে অপরাধীরা ভ্যান নিয়ে যেত।’
ওসি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।’
রিপোর্টার্স২৪/প্রীতিলতা