চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরে মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল পণ্য পাওয়ায় এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল পণ্য পাওয়ায় এম আর সার্জিক্যাল মালিককে ৫ হাজার টাকা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধের মেসার্স ঘোষ ফার্মেসী মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/আরকে