লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের মীরগঞ্জ বাজারে পূজা শিল্পালয় নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র সিন্দুক ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকানটির মালিক গোবিন্দ মজুমদার। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক ঘটনাস্থলে গিয়ে ওই দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় ইউপি সদস্য এবং বাজার পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোবিন্দ মজুমদার সদর উপজেলার উত্তর হামছাদী গ্রামের বাসিন্দা। তিনি বলেন, প্রতিদিনের মতো শনিবার রাত ৮টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। দোকানের সিন্দুকে গ্রাহকদের প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ এবং নগদ সাড়ে ৩ লাখ টাকা রাখা ছিল। চোরচক্র দোকানের পেছনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে সিন্দুক ভেঙে স্বর্ণ ও টাকা নিয়ে যায়। সকালে দোকানে এসে দেখতে পান, দোকানের শাটার খুলছে না। পরে মিস্ত্রি ডেকে শাটার খোলা হলে দেখা যায়, সিন্দুকসহ সব ড্রয়ারের তালা ভাঙা।
এ বিষয়ে মীরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, গত ৪০ বছরে এই বাজারে চুরির কোনো ঘটনা ঘটেনি। আমরা চোরচক্রদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
রিপোর্টার্স২৪/আরকে