শেরপুর প্রতিনিধি:শেরপুরে জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ক্রমান্বয়ে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
সভায় সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের ৮ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে পুরষ্কৃত করা হয়। তারা হচ্ছেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শ্রীবরদী থানার মো. আনোয়ার জাহিদ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সদর থানার মো. জাহাঙ্গীর আলম খান, শ্রেষ্ঠ এসআই সদর থানার এসআই মো. আবু সাঈদ, শ্রেষ্ঠ এএসআই সদর থানার এএসআই মো. শফিকুল ইসলাম; শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট এএইচএম সাইফুল ইসলাম ও মোবাইল উদ্ধারকারী অফিসার এএসআই মো. উমর ফারুক। এছাড়াও সভায় বিশেষ পুরস্কারের ভূষিত হন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম ও শেরপুর সদর থানার এসআই মানিক চন্দ্র দে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/সোহাগ