পটুয়াখালী প্রতিনিধি: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ),পটুয়াখালী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদারের সভাপতিত্বে এবং বিআরটিএ পটুয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সাঈদ সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. বশির আহমেদ মৃধা ও সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদ গতিতে যান চালনা করলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। সরকারের গৃহীত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিই পারে নিরাপদ সড়ক গড়ে তুলতে।
বক্তারা আরও বলেন, অনেকে এখনও নিম্নমানের হেলমেট ব্যবহার করেন, যা দুর্ঘটনার সময় প্রাণ বাঁচাতে পারে না। তাই সবাইকে মানসম্মত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তারা।
আলোচনা সভার পূর্বে সোনালী ব্যাংক মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আলোচনা সভা ও র্যালিতে জেলা প্রশাসন ও পটুয়াখালী বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিবহন শ্রমিক প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন