| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরকীয়ার অভিযোগে নারীকে মারধর ইউপি সদস্যের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১৩:৪৮:৫৫:অপরাহ্ন  |  ১৩৬৭১৫৯ বার পঠিত
পরকীয়ার অভিযোগে নারীকে মারধর ইউপি সদস্যের
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: পরকীয়ার অভিযোগে এক নারীকে মারধর করেছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। ঘটনাটির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনাটি গত ১৬ অক্টোবরের।

স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হন শ্রীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি বিল্লাল হোসেন। আর নারীকে মারধর করেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বজলুর রহমান। অভিযুক্ত নারী দুই সন্তানের জননী এবং পুরুষ পক্ষ চার সন্তানের জনক।

ভাইরাল হওয়া দুই মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য বজলুর রহমান ওই নারীকে লাঠি দিয়ে বেদম মারধর করছেন। এ সময় মারধর বন্ধ করতে আকুতি জানাচ্ছিলেন নারীটি। পাশে বসে ছিলেন আটক যুবদল নেতা বিল্লাল হোসেন।

এ বিষয়ে ইউপি সদস্য বজলুর রহমানের মোবাইলফোনে কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি গত ১৬ অক্টোবর বা তার আগের। তবে মঙ্গলবার রাতেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পরই ওই ইউপি সদস্যের বাড়িতে পুলিশ পাঠানো হয়, কিন্তু তিনি ততক্ষণে পালিয়ে যান। জানতে পেরেছি, ঘটনার পর পরকীয়া অভিযুক্ত পুরুষ ও নারীকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪