বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় দুইদিনের সফর শেষে বান্দরবান ফিরেছেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এ মং। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটকিয়া রুমা উপজেলা থেকে রোয়াংছড়ি উপজেলা হয়ে বান্দরবান সদরের মধ্যম পড়ার নিজবাসভবনে পৌঁছান তিনি।
গত ২০ অক্টোবর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে অংশ নিতে জেলা সদর থেকে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান তিনি। রুমা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সার্বিক দায়িত্ব পালন করেন কে এস মং।
দিনব্যাপী চক্ষু চিকিৎসা কার্যক্রম শেষে বিকেলে রুমা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরবর্তীতে সফরসঙ্গীদের নিয়ে উপজেলার দুর্গম বিভিন্ন পাড়া পরিদর্শনে যান তিনি। তার আগমনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণে পাড়ায় পাড়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নেটওয়ার্কবিহীন দুই দিনের সফরে কে এস মং রুমা সদর ইউনিয়নের সামাখাল পাড়া এবং নৌপথে সাঙ্গু নদীর উজানে গ্যালেঙ্গা ইউনিয়নের পান্তলা পাড়া পরিদর্শন করেন। তার আগমন উপলক্ষে সেখানকার স্থানীয় বাসিন্দারা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করেন। এসময় পাড়া বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া শোনেন তিনি। পাশাপাশি প্রান্তিক জনপদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন।
পরদিন মঙ্গলবার (২১ অক্টোবর) রুমা বাজারে হিন্দু সম্প্রদায়ের দীপাবলী ও শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন পরিষদের আমন্ত্রণে পূজা মণ্ডপ পরিদর্শন করেন কে এস মং। এ সময় তিনি সনাতনী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সব মিলিয়ে দুই দিনের সফরে চমৎকার সময় কাটিয়েছেন কে এস মং। সফরটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন তার সফরসঙ্গীরা।
তাদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয়দের আমন্ত্রণে চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অন্যতম এই সদস্য নিয়মিত পাহাড়ের দুর্গম গ্রাম ও পাড়াগুলোতে ছুটে যাচ্ছেন। শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগের মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করে তুলছেন।
রিপোর্টার্স২৪/আরকে