গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বাস চাপায় এক পথচারী আহত হওয়ার জের ধরে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় এক পথচারীকে একটি বাস চাপা দেয়। এতে তার দুটি পা থ্যাঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে এবং মহাসড়কের সকল গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বিক্ষুব্ধ জনতার দাবি, মহাসড়ক পারাপারের জায়গা নেই। যার কারণে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে। এর প্রতিকার করতে হবে। বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ দিতে হবে। প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, এ নিয়ে প্রশাসন নীরব।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আশরাফুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনার জের ধরে মহাসড়ক অবরোধ করেছে। যানচলাচল বন্ধ রয়েছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/সোহাগ