রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাঙ্গামাটি জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব নেওয়ার পর থেকে উন্নয়ন প্রকল্পের বরাদ্দে বৈষম্য করছেন। বক্তাদের দাবি, ‘জেলা পরিষদের কোটি কোটি টাকার বরাদ্দ শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য ব্যবহার করা হচ্ছে, অন্য সম্প্রদায়গুলো নিয়মিতভাবে বঞ্চিত হচ্ছে।
বক্তারা বলেন, ‘পার্বত্য অঞ্চলে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বরাদ্দে বাঙালিরা বৈষম্যের শিকার হচ্ছেন। জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদ দেওয়ান বরাদ্দের অধিকাংশ প্রকল্প পাহাড়িদের এলাকায় বাস্তবায়ন করছেন, যা ২৪ পরবর্তী বাংলাদেশের জন্য অগ্রহণযোগ্য।’
তারা আরও অভিযোগ করেন, জেলা পরিষদের কফি ও কাজুবাদাম উন্নয়ন প্রকল্পে ৩০২ জন উপকারভোগীর জন্য প্রায় ২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও পুরো সুবিধা পাহাড়িদের জন্য নির্ধারণ করা হয়েছে। একইভাবে বাঘাইছড়ি পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরামকে জেলা পরিষদ থেকে ৩০ লাখ টাকার বাজেট বরাদ্দ দেওয়ার বিষয়টিও বৈষম্যমূলক বলে উল্লেখ করেন বক্তারা।
মানববন্ধনে নেতৃবৃন্দ ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, “এই বৈষম্যমূলক প্রকল্পগুলো বাতিল না হলে জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদ দেওয়ানকে বাঘাইছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”
তাঁরা পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর মধ্যে সরকারি বরাদ্দের সমবণ্টন নিশ্চিতের আহ্বান জানান এবং বলেন, “উন্নয়নের সুফল সবার জন্য সমানভাবে না পৌঁছালে বৈষম্য ও বিভাজন আরও বাড়বে।”
রিপোর্টার্স২৪/এসএন