খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর লবণচরা থানার দরগাপাড়া খালেকের বাড়ির ভাড়াটিয়া সবুজপল্লী (৪ নং কাশেম সড়কের মাথায়) এলাকায় স্বামী নাজমুল হাসান (৫০) তার স্ত্রী ডলি বেগম (৪৫)-কে ছুরির আঘাতে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করা হয়।
এরপর ঘাতক স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশী রিকশাচালক আরিফ নগরীর লায়ন্স স্কুলের সামনে থেকে তাকে ধরে আনে। নাজমুল হাসান পেশায় একজন রাজমিস্ত্রি। ঘাতক নাজমুল হাসানের এক পুত্র ও এক কন্যা রয়েছে। মৃত ডলি বেগম পাইকগাছা শান্তা গ্রামের মৃত আব্দুল আজিজের কন্যা।
এলাকাবাসী জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে চিৎকার শুনে তারা এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় ডলি বেগমকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ঘাতক স্বামী পিছনের বেড়া দিয়ে পালিয়ে যান। অন্যান্য ভাড়াটিয়ারা তাৎক্ষণিকভাবে ডলি বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কন্যা সাদিয়া জানান, প্রায়ই তার বাবা-মায়ের সাথে ঝগড়া-বিবাদ লেগে থাকত। ঝগড়ার জের ধরে তার মা’কে নির্মমভাবে হত্যা করেছেন তার বাবা।
লবণচরা থানার অফিসার ইনচার্জ জানান, সকালে মুঠোফোনের মাধ্যমে এলাকাবাসী জানালে আমরা ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারী নাজমুল হাসানকে গ্রেফতার করি এবং যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে সেই ছুরি ঘটনাস্থল থেকে উদ্ধার করি। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে।
রিপোর্টার্স২৪/এসএন