নাটোর প্রতিনিধি : দেশের চিনিশিল্প টিকিয়ে রাখা এবং আখচাষের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত হয়েছে আখচাষি উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোরের লালপুর উপজেলা নর্থবেঙ্গল সুগার মিল মিলনায়তনে বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
আখচাষের উন্নয়ন ছাড়া চিনিশিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়। এজন্য আখচাষিদের প্রতি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান সভায় আগত বক্তারা। পাশাপাশি সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, উৎপাদন খরচের ভারসাম্য ও মিলগুলোর আধুনিকীকরণে উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি বলেও জানান তারা।
উক্ত সভায় আখচাষি ফেডারেশনের পক্ষ থেকে ১১ দফা দাবি উত্থাপন করা হয়, এর মধ্যে—চিনিকলগুলো চালু রাখা, আখের ন্যায্য মূল্য নির্ধারণ, চাষিদের বকেয়া অর্থ পরিশোধ, কৃষকদের প্রণোদনা প্রদান ও চিনিশিল্পে দক্ষ জনবল নিয়োগের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন রশিদুল হাসান, যুগ্ন সচিব ও পরিচালক ইক্ষু উন্নয়ন ও গবেষনা ড.আব্দুল আলীম খান, প্রধান সিপিই ড.জেবুন নাহার ফেরদৌস, প্রধান টিএস মনজুরুল হক, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী বাদশাসহ নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রিপোর্টার্স২৪/আরকে