রিপোর্টার্স২৪ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ঘিরে সৃষ্টি হওয়া বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ১০২ জন সাংবাদিক।
সোমবার (১৭ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বিচার প্রক্রিয়ায় পক্ষপাত, অস্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাব স্পষ্ট হওয়ায় আইনের শাসন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিবৃতিতে সাংবাদিকেরা উল্লেখ করেন, আইসিটি আদালতের সাম্প্রতিক কর্মকাণ্ড, বিভিন্ন পক্ষের বক্তব্য ও ঘটনাপ্রবাহ বিচারকার্যে অসংগতি তৈরি করেছে। এতে রায়ের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের মতে, আদালত স্বাধীনভাবে কাজ করতে না পারলে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন হুমকির মুখে পড়বে।
সাংবাদিকরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ঘিরে চলমান বিচার প্রক্রিয়ায় আদালতের ওপর অস্বাভাবিক প্রভাব, একতরফা তথ্য উপস্থাপন, অভিযুক্তদের পছন্দমতো আইনজীবী নিয়োগে বাধা এবং রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ আইনজীবীকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে চাপিয়ে দেওয়ার ঘটনা ‘হাস্যকর ও অগ্রহণযোগ্য’।
এছাড়া মামলার সময় আসামিপক্ষের আইনজীবীদের ওপর ‘মব সন্ত্রাসের’ অভিযোগও তাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
বিবৃতিতে বলা হয়, ন্যায়বিচার হতে হলে তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও চাপমুক্ত পরিবেশে। আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট হয়। সাংবাদিকদের মতে, ফরমায়েশি, সাজানো বা প্রতিহিংসাপরায়ণ রায় রাষ্ট্রের বিচারব্যবস্থাকে দুর্বল করে।
চার দফা দাবি
যৌথ বিবৃতিতে সাংবাদিকরা চারটি দাবি উত্থাপন করেন—
১. আলোচিত রায় বাতিল করে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া পরিচালনা।
২. আদালতকে রাজনৈতিক ও প্রশাসনিক চাপমুক্ত রাখা।
৩. সব পক্ষকে পছন্দমতো আইনজীবী নিয়োগ এবং বক্তব্য–প্রমাণ উপস্থাপনের সমান সুযোগ দেওয়া।
৪. যে কোনও রায় সত্য, প্রমাণ ও আইনের ভিত্তিতে নিশ্চিত করা।
বিবৃতিতে সাংবাদিকরা বলেন, গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা ও আইনের শাসন রক্ষায় তারা ঐক্যবদ্ধ। ন্যায়বিচারের ব্যত্যয় হলে দেশ ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হবে।
যে ১০২ জন সাংবাদিক বিবৃতিতে সই করেছেন তারা হলেন— ১. সৈয়দ বদরুল আহসান, সিনিয়র সাংবাদিক ২. ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব ৩. মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ৪. শাবান মাহমুদ, সাবেক মহাসচিব, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদি ৫. আবু জাফর সূর্য, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ৬. সোহেল হায়দার চৌধুরী, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ৭. মো. আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব ৮. আকতার হোসেন, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ৯. প্রণব সরকার, সভাপতি, আগরতলা প্রেস ক্লাব ও সদস্য, ইন্ডিয়া জাতীয় প্রেম ১০. সৈয়দ বোরহান কবির, প্রধান সম্পাদক, বাংলা ইনসাইডার ১১. এম জি কিবরিয়া চৌধুরী, সম্পাদক, দৈনিক জাতীয় অর্থনীতি ১২. নজরুল কবীর, সাবেক সহসভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ১৩. মহিউদ্দিন সরকার, সাবেক সম্পাদক, ঢাকাপোস্ট ডটকম ও জাগোনিউজ২৪ডটকম প্রমুখ।
রিপোর্টার্স২৪/বাবি