ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘উগ্র ধর্মান্ধদের হামলা’ বলে মনে করেন এবং এর সুষ্ঠু তদন্ত ও নিরসনের দাবি জানান। একই সঙ্গে তিনি ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "আমি মনে করি, বাউলদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।"
তিনি বলেন, "এটা ডেফিনিটলি বাংলাদেশের আবহমান সংস্কৃতি—গ্রামীণ বাংলার সংস্কৃতি। আমাদের বাউলরা বাংলাদেশের মাঠে–ঘাটে, প্রান্তরে বাউলগান গেয়ে বেড়ান। তাদের ওপর হামলা—এটা উগ্র ধর্মান্ধদের হামলাই বলে আমি মনে করি।"
তিনি আরও বলেন, "এটা সঠিক নয়। এই ধরনের হিংসা–প্রতিহিংসার পথ বেছে নেওয়া কারো জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি।"
রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে সহস্রাধিক মানুষের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, "ঢাকা শহরে অনেক বস্তি আছে, তার মধ্যে কড়াইল বস্তিটা সবচেয়ে বড় বস্তি। এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে এবং সবাই দরিদ্র, নিঃস্ব মানুষ।"
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, "আমার বাসায় যে মহিলা রান্না করেন, তারও বাসা এখানে এবং তার বাড়িটিও পুড়ে একদম নিঃশেষ হয়ে গেছে। এটা এসব দরিদ্র মানুষের জন্য চরম আঘাত।"
তিনি বলেন, "আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন।"
অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিরোধ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের গাফিলতি এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবকে দায়ী করেন।
তিনি বলেন, "আমাদের যারা দুর্ভাগ্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন—বিশেষ করে গার্মেন্টস অথবা ফ্যাক্টরি–কারখানাগুলোতে—তাদের কিছুটা নেগ্লিজেন্সি, অগ্নি নির্বাপণ ব্যবস্থার অপ্রতুলতা এবং আইন না মানা—সবকিছু মিলে এই অগ্নিকাণ্ডগুলো ঘটে।"
তিনি মনে করেন, "আমার মনে হয়, সত্যিকারের অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নিনিরোধক ব্যবস্থা থাকে, তাহলে এগুলো এড়ানো অনেক সহজ।"
কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, "সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনাকে চিহ্নিত করে যদি কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"
রিপোর্টার্স২৪/এসএন