| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে বিশেষ ভোটার তালিকা হালনাগাদ, সীমান্তে জড়ো হচ্ছেন বাংলাভাষীরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১২:২৫:০২:অপরাহ্ন  |  ১২১৮০৭৬ বার পঠিত
ভারতে বিশেষ ভোটার তালিকা হালনাগাদ, সীমান্তে জড়ো হচ্ছেন বাংলাভাষীরা

বেনাপোল প্রতিনিধি: ভারতে বিশেষ ভোটার তালিকা হালনাগাদ (সিআইআর) কার্যক্রমকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের উত্তর, পশ্চিম ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বশিরহাট থানার তারালী ও হাকিমপুর, বনগাঁসহ সীমান্তবর্তী এলাকায় বহু বাংলাভাষী মানুষের জড়ো হওয়ার ঘটনা ঘটছে। নাগরিকত্ব-সম্পর্কিত নথিপত্র না থাকায় তাদের বড় একটি অংশকে ‘অনিবন্ধিত’ বা ‘কথিত বাংলাদেশি নাগরিক’ হিসেবে গণ্য করা হচ্ছে—ভারতীয় গণমাধ্যমে এমন তথ্য প্রকাশের পর সীমান্তে চাপ আরও বৃদ্ধি পেয়েছে।

এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, অতিরিক্ত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি। একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গে বুথ লেভেল অফিসারদের মাধ্যমে গত ৪ নভেম্বর থেকে ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম (সিআইআর) শুরু হয়েছে, যা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।

এই সময়ে বুথ লেভেল অফিসাররা প্রতিটি ভোটারের বাড়ি গিয়ে জাতীয়তা ও ভোটারযোগ্যতা যাচাই করছেন। বিষয়টি পশ্চিমবঙ্গের মুসলিম বাংলাভাষী জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশি সন্দেহে তাদের সীমান্ত দিয়ে ‘পুশ-ইন’ করার আশঙ্কা রয়েছে।

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সিআইআরের বিরোধিতা করছে; অন্যদিকে কেন্দ্রীয় শাসকদল বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো এর পক্ষে অবস্থান নিয়েছে—ফলে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশেষত ২০০২ সালের পর বাংলাদেশি বংশোদ্ভূত যেসব মুসলিম অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, তাদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। ইতিমধ্যে ১ নভেম্বর ‘বাংলাদেশি’ অভিযোগে ৪৫ জনকে ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করলেও, পরে তারা নিজেদের ভারতীয় নাগরিক দাবি করলে পুনরায় তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং বসিরহাট মহকুমা আদালতে নাগরিকত্ব যাচাইয়ের জন্য হাজির করা হয়।

বিজিবির তথ্যমতে, নাগরিকত্বের বৈধ নথি না থাকায় প্রতিদিনই বহু ‘অনিবন্ধিত’ মানুষ তারালী, হাকিমপুর ও সাতক্ষীরার সীমান্ত এলাকায় জড়ো হচ্ছে। এদের অনেকে খোলা জায়গায় অবস্থান করছে এবং শীত, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে অমানবিক পরিস্থিতির মধ্যে আছে। স্থানীয় ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে খাবার দিতে অস্বীকৃতি জানানোয় নারী-শিশুসহ অবস্থানকারীরা চরম দুরাবস্থায় পড়েছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও রাজনৈতিক নেতাদের উদ্যোগে শুকনো খাবার ও পানি বিতরণ করা হয়।

এদিকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি যে ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে রয়েছে—

  • সীমান্তে অতিরিক্ত টহল ও নিরাপত্তা বৃদ্ধি

  • গোয়েন্দা নজরদারি জোরদার

  • আনসার–ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করে তথ্য সংগ্রহ

  • স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়

  • সচেতনতা বাড়াতে বিশেষ প্রচার কার্যক্রম

বিজিবি জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ সিআইআর কার্যক্রমের কারণে সীমান্তে যাতে অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪