লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানে নারকেলের ছোবড়ার ভেতর লুকিয়ে বিপুল পরিমাণ গাঁজা পরিবহনের সময় মহিনুল ইসলাম শামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। এ সময় তিনটি বস্তা থেকে ৩৩ কেজি গাঁজা এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শামিন জব্দ করা পিকআপ ভ্যানটির চালক।
র্যাব-১১–এর নোয়াখালী কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, কুমিল্লা জেলা থেকে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ মাদক লক্ষ্মীপুরে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় চেকপোস্ট বসায়।
এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে নারকেলের ছোবড়ার ভেতরে লুকানো অবস্থায় তিনটি বস্তা থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পিকআপের চালক পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে র্যাব-১১–এর নোয়াখালী-লক্ষ্মীপুর ক্যাম্পে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কুমিল্লা থেকে গাঁজাগুলো লক্ষ্মীপুরের বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীর কাছে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন