| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:২০:১৭:অপরাহ্ন  |  ১১৮৬৬০৬ বার পঠিত
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে কমিউটার ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল মামুন (৪৩) নামে এক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে শহরের বাসাইল রেলক্রসিং-সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মামুন নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগাবন্ধ গ্রামের মো. আবুল কাসেমের ছেলে। নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার একটি ভাড়াবাসায় থেকে থার্মেক্স গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন তিনি।

রেলওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে কারখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। সকাল পৌনে ৮টার দিকে বাসাইল রেলগেট-সংলগ্ন স্থানে অবস্থান করছিলেন তিনি। এ সময় ভৈরব থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পাশাপাশি বিপরীত দিক থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের দিকে যাচ্ছিল। সে সময় তিনি ঢাকাগামী রেললাইনে দাঁড়িয়ে পাশের রেললাইনে পারাবত এক্সপ্রেস চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

নরসিংদী কমিউটার ট্রেন কাছাকাছি চলে আসার পর ঘটনাস্থলে থাকা লোকজন তাকে বারবার সরে যেতে ডাকছিলেন। কিন্তু শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তিনি সেই ডাক শুনতে পারেননি, এমনকি ট্রেনের হুইসেলের শব্দও বুঝতে পারেননি। পরে ট্রেনে কাটা পড়ে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার করেন।

বাসাইল রেলগেটের গেটম্যান আনোয়ার হোসেন বলেন, নরসিংদী কমিউটার ও পারাবত এক্সপ্রেস ট্রেনদুটি একই সময়ে রেলগেট অতিক্রম করছিল। এতে তিনি হতভম্ব হয়ে পড়েন। ‘ট্রেন আসছে, ট্রেন আসছে’—বলে অনেক ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। এরপরই ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত শ্রবণ প্রতিবন্ধী ওই ব্যক্তির ১০ টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ নেই মর্মে তার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪