চট্টগ্রাম প্রতিনিধি: লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্যের একটি দল আজ বুধবার, ২৬ নভেম্বর, বিশেষ ফ্লাইটে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
নৌসদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১৬) এর অধীনে লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগদান করবেন। বিদায়ের প্রাক্কালে কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চল-এর পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম লেবাননগামী নৌসদস্যদের বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে, ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহ্ এর নেতৃত্বে প্রথম গ্রুপের ২৫ জন নৌসদস্য আরেকটি দল বাণিজ্যিক বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ব্যানকন-১৫ (ইউনিফিল) এর ১১০ জন নৌসদস্য বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
ইতিপূর্বে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা লেবাননগামী নৌসদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। তিনি সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে লেবাননগামী সকল নৌসদস্যকে নির্দেশ প্রদান করেন।
বাংলাদেশ নৌবাহিনী ২০১০ সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত। বর্তমানে নিয়োজিত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’ লেবাননের ভূ-খণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে।
উক্ত জাহাজ লেবানীজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি, দুর্ঘটনাগ্রস্ত জাহাজে উদ্ধার অভিযান এবং লেবাননের সামরিক সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছে।
লেবাননে মোতায়েনের পর থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গত ১৫ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের এই গর্বিত অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে উজ্জ্বল করেছে।
রিপোর্টার্স২৪/এসএন