| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তোলারাম কলেজে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:৪৪:০৭:অপরাহ্ন  |  ১২১৬৮৫৮ বার পঠিত
তোলারাম কলেজে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে টেলিভিশনের শব্দ কমাতে বলায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক-এর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের পৌর ওসমানী স্টেডিয়ামের পাশে অবস্থিত তোলারাম কলেজের ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সরকারি তোলারাম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ভুক্তভোগী ওয়ায়েজ করনী। অভিযুক্ত ছাত্রদল নেতা কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ অপু।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেলিভিশনের শব্দ কমানোর বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ওয়ায়েজ করণিকে লাঞ্ছিত করেন অপু। বিষয়টি ছড়িয়ে পড়ার পর ছাত্রাবাসে উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান হোস্টেল সুপার আনোয়ারুল ইসলাম ও তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি। পরে আলোচনা করে ঘটনাটি মীমাংসা করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী ওয়ায়েজ করনী অভিযোগ করে বলেন, “রাতে টিউশনি শেষে হোস্টেলে ফিরে পড়তে বসি। পাশের রুম থেকে উচ্চশব্দে গান বাজছিল। সাউন্ড কমাতে বলতেই রুম থেকে অপু ও আরও কয়েকজন বের হয়ে আসে। হোস্টেলের প্রধান ফটকের সামনে সাউন্ড নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অপু আমার কলার ধরে ও লাথি মারে।”

তিনি আরও জানান, “রাতেই বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এ কারণে সকালে ফতুল্লা মডেল থানায় জিডি করি। জিডি করার পর কলেজে গেলে আমাকে আবারও হুমকি দেওয়া হয়।”

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদল সভাপতি মনির হোসেন জিয়া বলেন, “ঘটনার রাতেই হল সুপার বিষয়টি মীমাংসা করেছেন। আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তির দায় সংগঠন বহন করবে না।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪