রিপোর্টার্স২৪ডেস্ক: যশোর সার্কিট হাউস থেকে আব্দুস সালাম (হেলাঞ্চি, মণিরামপুর) নামে এক ভুয়া অতিরিক্ত সচিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে সার্কিট হাউস কর্তৃপক্ষ তার পরিচয় নিয়ে সন্দেহ হলে যাচাই-বাছাই শেষে তাকে হস্তান্তর করা হয়।
অভিযোগ রয়েছে, আব্দুস সালাম বিভিন্ন সময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সেজে ভিআইপি সুবিধা ভোগ করতেন। কখনও নিজেকে অতিরিক্ত সচিব, আবার কখনও রংপুরের জেলা প্রশাসক পরিচয় দিতেন।
সার্কিট হাউস কর্তৃপক্ষ জানায়, সকালে তিনি সার্কিট হাউসের মোবাইল নম্বরে ফোন করে নিজেকে অতিরিক্ত সচিব দাবি করেন এবং জানান, ঢাকা থেকে যশোরে আসছেন। এ সময় যশোর রেলস্টেশনে সরকারি গাড়ি পাঠানোর নির্দেশও দেন। কর্তৃপক্ষ ফোনের নির্দেশ অনুসারে গাড়ি পাঠায় এবং তাকে সার্কিট হাউসে নিয়ে আসে। পরে পরিচয় যাচাই করতে গিয়ে দেখা যায়, তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন। এরপরই তাকে আটক রাখা হয়।
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদ থেকে কর্মকর্তারা সার্কিট হাউসে গিয়ে তার পরিচয় যাচাই করেন। শেষ পর্যন্ত তাকে প্রতারক বলে নিশ্চিত হওয়া গেলে পুলিশকে জানানো হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/বাবি