রিপোর্টার্স২৪ডেস্ক: চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো সড়কপথে ভুটানের উদ্দেশে পণ্যবাহী একটি কনটেইনার যাত্রা শুরু করেছে। বাংলাদেশ-ভুটান ট্রানজিট চুক্তির বাস্তবায়নের অংশ হিসেবে এই পরীক্ষামূলক পরিবহনকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনএমসিটি) থেকে কনটেইনারবাহী ট্রাকটি বুড়িমারি স্থলবন্দরের উদ্দেশে রওনা দেয়। কনটেইনারে ছিল ভুটানের আমদানিকৃত শ্যাম্পু, শুকনো পাম ফল, আইস টি, চকলেট ও জুস মোট ৬ হাজার ৫৩০ কেজি।
২০২৩ সালে স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক-ইন-ট্রানজিট’ ও এর প্রটোকলের আওতায় এই প্রথম পরীক্ষামূলক চালান পাঠানো হলো। প্রায় দুই মাস আগে ‘এমভি এইচআর হিরা’ জাহাজে পণ্যটি চট্টগ্রাম বন্দরে আসে এবং শুল্কায়ন শেষে গত রোববার কনটেইনার খালাসের প্রক্রিয়া শুরু হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার এইচএম কবির জানান, শুল্কায়ন ও ফি পরিশোধের সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর রাতেই এসকর্ট সুবিধাসহ কনটেইনারটি যাত্রা করেছে। তিনি বলেন, এই চালানের সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি জড়িত। তাই শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
মানুমা শিপিং লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক ওমর শরীফ রাফসান বলেন, প্রায় ৬৮৪ কিলোমিটার সড়কপথ অতিক্রম করে কনটেইনারটি বুড়িমারী পৌঁছাবে, এরপর ভারতের চ্যাংড়াবান্ধা ও শিলিগুড়ি হয়ে ভুটানের ফুয়েন্টশোলিংয়ে যাবে। নিরাপত্তার জন্য কাস্টমসের একটি এসকর্ট টিম বুড়িমারি পর্যন্ত সঙ্গে থাকবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম চালান নির্বিঘ্নে বন্দর থেকে ছাড় হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি