রিপোর্টার্স২৪ ডেস্ক: উত্তরাঞ্চলের শীত যেন আগেভাগেই জমিয়ে বসেছে পঞ্চগড়ে। প্রতিদিনই বাড়ছে ঠান্ডার দাপট। ভোরের প্রবল হিমেল হাওয়া আর প্রায় শতভাগ আর্দ্রতায় পুরো জেলাজুড়ে শীতের স্পর্শ এখন স্পষ্ট।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় সামান্য বাড়লেও শীতের তীব্রতা কমার কোনো ইঙ্গিত নেই। ওই সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ভোরের কনকনে ঠান্ডা বাতাসে যেন হাত-পা জমে আসছিল, যদিও সকাল একটু গড়ালে আকাশে দেখা মেলে হালকা রোদের।
গতকাল বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি, আর দিনের সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রাত ও ভোরের তীব্র ঠান্ডা সেই উষ্ণতার সামান্যতাকে ঢেকে দিয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত ধীরে ধীরে নামছে। ডিসেম্বরের শুরুতে আরও তীব্র শীত নামতে পারে। শৈতপ্রবাহও বইতে পারে।
উত্তরের সীমান্তঘেঁষা অঞ্চল হওয়ায় প্রতি বছরই প্রথম শীত নেমে আসে এই তেঁতুলিয়ায়। এবারের পরিস্থিতি দেখে স্থানীয়রা বলছেন। শীত এবার আগের বছরের তুলনায় বেশ তাড়াতাড়ি ও তীব্রভাবেই ঠায় গাঢ় হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম