বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বাজারের ছোট আঁচড়া মোড়ে অবস্থিত হাজি বিরিয়ানি হাউজ–এর খাবারের মান ও পরিমাণ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষের তীব্রতা বেড়েছে। ভোক্তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি মানহীন খাবার পরিবেশন করছে এবং অর্ডারের তুলনায় কম খাবার দিয়ে বেশি টাকা নিচ্ছে।
একাধিক ক্রেতা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে খাবারের স্বাদ ও গুণগত মান আগের তুলনায় নিরাশাজনকভাবে কমে গেছে। এছাড়া, ফুড প্যাকেটে উল্লেখিত পরিমাণের তুলনায় কম খাবার দেওয়া হচ্ছে, যা অনেকেই প্রতারণা হিসেবে দেখছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, প্যাকেট খুলে দেখি ভাত ও মাংসের পরিমাণ উল্লেখিত পরিমাণের তুলনায় অনেক কম। মানসম্মানের কথা চিন্তা করে অভিযোগ জানাতেও পারিনি।
অপর একজন ক্রেতা জানান, আগে মান ভালো ছিল, কিন্তু এখন খাবারের পরিমাণ কমে গেছে। দাম ঠিক থাকলেও খাবারের মান ও পরিমাণে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
ভোক্তারা আরও অভিযোগ করেছেন, দিনে দিনে প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে, যা থেকে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবুও প্রতিষ্ঠান থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হাজি বিরিয়ানি হাউজের প্রোপাইটর আজিজুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেছেন, ক্রেতাদের অনুরোধে খাবারে ফুড কালার ব্যবহার করা হয়। তিনি বলেন, এমন কোন মানুষ আছে যারা জেনেশুনে ফুড কালারযুক্ত খাবার খেতে চায়?
শার্শা উপজেলা ভোক্তা অধিকার কর্মকর্তা রাশেদা খাতুন জানান, খাবারের মান, নিরাপত্তা ও পরিমাণে অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট সংস্থার কাছে অভিযোগ করা উচিত। প্রয়োজনীয় তদারকি করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীরা এই বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে থাকলেও এখন তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম