কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি’র কেন্দ্র থেকে ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ করেছে বিএনপি নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুর, কৃষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ গবার মোড়ে এ কর্মসূচি পালন করেন রংপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের অনুসারীরা।
সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, পল্লী চিকিৎসক জাহিদ হোসেন, মতলেবুর রহমান, আতাউর রহমান, মশিউর রহমানসহ আরও অনেকে। বক্তারা বলেন, জননেতা আব্দুল খালেক শুধু বিএনপির একজন শক্তিশালী সংগঠকই নয়, তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন ও সংগ্রামের কঠিন সময়ে তিনি তৃণমূলকে একত্রে ধরে রেখেছেন। মানুষের সমস্যায় ছুটে যাওয়া, নেতাকর্মীদের পাশে থাকা এবং দলীয় সংগঠনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা তুলনাহীন। তাঁরা আরও বলেন, ত্যাগী, পরীক্ষিত, সৎ ও জনপ্রিয় একজন নেতাকে উপেক্ষা করে ভিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে, সংগঠন দুর্বল হয়ে পড়বে, এমনকি আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে।
বক্তারা কেন্দ্রীয় বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের মতামত, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং সংগঠনের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে আব্দুল খালেককে উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করতে হবে।
আন্দোলন করতে গিয়ে ২০২২ সালে আ’লীগ পুলিশের হাতে গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৪৫ দিন ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনের পুরো সময় আব্দুল খালেক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুসারে রংপুর বিভাগে কাজ করেছেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামন্ডলীর সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামের নাম ঘোষনা করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু