| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুর-২ আসনে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১৩:১৮:২৯:অপরাহ্ন  |  ১১৮৩১৪৬ বার পঠিত
জামালপুর-২ আসনে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি: জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর সমর্থকদের বিরুদ্ধে অপর মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খানের লোকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের ধর্মকুড়া এলাকায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শরিফুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে মনোনয়ন বঞ্চিত শরিফুল ইসলাম খান বলেন, গত বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মলমগঞ্জ বাজার এলাকায় তার কর্মী সমর্থকদের ওপর হামলা করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর নেতাকর্মী ও সমর্থকরা আমাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন।”

তবে একই দিন বেলা দেড়টার দিকে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপি একটি বড় দল, এতে একাধিক যোগ্য মনোনয়ন প্রত্যাশী থাকবে, এটাই স্বাভাবিক। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক দুই বারের সফল এমপি সুলতান মাহমুদ বাবু, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম এবং শরিফুল ইসলাম খানও দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।”

তিনি আরও বলেন, “দল গত ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রাম, নেতাকর্মীদের মামলাহামলা থেকে রক্ষা, সহযোগিতা ও জনপ্রিয়তা সহ নানা দিক যাচাই-বাছাই করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুলতান মাহমুদ বাবুকে জামালপুর-২ (ইসলামপুর) আসনে মনোনয়ন দিয়েছে।”

নুরুল ইসলাম নবাব সংবাদ সম্মেলনে বলেন, “ফরহাদ খান অভিযোগ করেছেন, দলের মনোনয়নপ্রাপ্ত সুলতান মাহমুদ বাবুর সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা করেছে। এই অভিযোগ মোটেও সত্য নয়। গত ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রাম ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুলতান মাহমুদ বাবু সব বিষয়ে নেতৃত্ব দিয়েছেন।”

তিনি আরও জানান, সুলতান মাহমুদ বাবু একমাত্র নেতা যিনি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী রাশেদ মোশারফকে হারিয়ে আসনটি বিএনপির কাছে ফিরিয়ে দিয়েছেন। এছাড়া এই আসনে দুইবার নির্বাচিত হয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। এজন্য সুলতান মাহমুদ বাবু ইসলামপুরের উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত। জনপ্রিয়তার এই কারণে তাকে বিএনপি মনোনয়ন দিয়েছে বলে দাবি করেন নুরুল ইসলাম নবাব।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহসভাপতি একে এম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীসহ দলের শীর্ষস্থানীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪