শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন-সংলগ্ন হরিনগর বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।
সমাবেশে তিনি বলেন, সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা চলে হাজারো জেলে, বাওয়ালি ও মৌয়ালদের। কিন্তু দস্যুচক্র, চাঁদাবাজি এবং পর্যাপ্ত নিরাপত্তাহীনতার কারণে এসব বনজীবীরা প্রতিনিয়ত আতঙ্কগ্রস্ত হয়ে বনে প্রবেশ করেন। অবহেলা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দস্যুচক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন সময় এসেছে সুন্দরবনকে সত্যিকার অর্থে নিরাপদ করার।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সুন্দরবনে নিরাপত্তা বাড়াতে বিশেষ টাস্কফোর্স গঠন, বনজীবীদের জন্য জরুরি নিরাপত্তা তহবিল, দুর্ঘটনা সহায়তা এবং কর্মপরিবেশ নিশ্চিতে আলাদা ইউনিট গঠন করা হবে।
সমাবেশে উপস্থিত স্থানীয় বনজীবীরা অভিযোগ করে বলেন, দস্যুচক্রের কারণে বর্তমানে বনে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় জাল-নৌকা লুট হয়, দিতে হয় মুক্তিপণ।
এ সময় তিনি তাদের আশ্বস্ত করে বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়—এটি উপকূলের জনজীবনের ভিত্তি। একে সুরক্ষিত রাখতে না পারলে উপকূলের জীবন ও অর্থনীতি দুটোই ঝুঁকিতে পড়বে। তাই দস্যুমুক্ত সুন্দরবন গড়াই আমার প্রধান লক্ষ্য।
একই সমাবেশে সব ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী মাজাহারুল ইসলাম (সিবা সানু)।
তিনি তার বক্তব্যে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. মনিরুজ্জামানের ওপর আস্থা রেখেছেন—আপনারাও সকল বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করুন।
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল কাশেম মোড়লের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী মাজাহারুল ইসলাম (সিবা সানু)।
এছাড়াও বক্তব্য রাখেন—জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডি. এম. আব্দুস সামাদ, সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্ণা, রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন