নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, “দলের প্রশ্নে আমরা সবাই এক। এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা নারায়ণগঞ্জবাসী সবাই মিলে এক হয়ে মাসুদুজ্জামানকে জয়ী করবো। সবার মনে রাখতে হবে—তিনি দলের প্রার্থী, তিনি তারেক রহমানের প্রার্থী। ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে হবে।”
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল মাঠে নারায়ণগঞ্জ–৫ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা যারা দল করি, আমাদের কাছে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত। নারায়ণগঞ্জ–৫ আসনে দল মাসুদুজ্জামানকে মনোনীত করেছে। এই আসনসহ পুরো শহরকে তিনি মডেল নারায়ণগঞ্জে রূপান্তর করবেন।”
বিএনপি বড় দল হওয়ায় একাধিক মনোনয়ন প্রত্যাশীর থাকা স্বাভাবিক উল্লেখ করে আজাদ বলেন, “দুঃসময়ে অনেকেই শ্রম দিয়েছেন, জেল খেটেছেন, আত্মত্যাগ করেছেন। কিন্তু সবশেষে আমরা সবাই জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি—এখানে দলকে বিব্রত করার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “দল যেহেতু মাসুদুজ্জামানকে মনোনীত করেছে, সেহেতু এটি আমাদের নৈতিক দায়িত্ব—একজোট হয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করা। নারায়ণগঞ্জের পাঁচটি আসনই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এই দায়িত্ব কেউ এড়িয়ে যেতে পারবেন না।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারপ্রধান হাসিনা কীভাবে আপনাদের ওপর স্টিমরোলার চালিয়েছে, তা আপনারা জানেন। যদি আবার সেই স্বৈরশাসন না চান, তাহলে ধানের শীষে ভোট দিতে হবে—তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার দলকে ভোট দিতে হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। সমাবেশে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ–৫ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
রিপোর্টার্স২৪/এসএন