রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি কাপড়ের দোকান। দ্রুত আগুনের উৎস নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে চারতলা ভবনটির আন্ডারগ্রাউন্ড অংশে আগুন লাগে। খবর পেয়ে সাভার ট্যানারি ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ভবনটির নিচতলায় বেশ কয়েকটি কাপড়ের দোকান ছিল। সেখানকার কোনো একটি দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি।
ভবনটিতে একটি কমিউনিটি সেন্টার ও একটি ডায়াগনস্টিক সেন্টারও রয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি