কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ বালি জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক এবং পরিবেশ অধিদপ্তরের এক সহকারী পরিচালক।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টোক ইউনিয়নের উলুসারা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পরে স্থানে লাল পতাকা টানিয়ে দেওয়া হয় এবং জব্দকৃত বালি যেন সরিয়ে নেওয়া না যায়—সে জন্য পাহারা বসানো হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মহসিন ও সালেহ আহমদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু উত্তোলন চলছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম বলেন, “অবৈধভাবে বিপুল পরিমাণ বালু উত্তোলন ও মজুত করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসককে অবহিত করে যৌথ দল গঠন করা হয়। অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। বালু উত্তোলনের সরঞ্জাম, পাইপসহ বালিও জব্দ করা হয়েছে। পরবর্তীতে পরিমাপ শেষে নিলাম ডাকের মাধ্যমে বালি বিক্রি করা হবে।”
তিনি আরও বলেন, “গত ডিসেম্বর থেকে এ মৌসুমে ৬৬ বার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শীত শুরু হওয়ায় বালু উত্তোলনও বাড়ছে; তাই আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
রিপোর্টার্স২৪/এসএন