শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: অগ্রহায়ন মাসে গাজীপুরের শ্রীপুরে কৃষকের ঘরে-ঘরে ব্যস্ততার হাওয়া। সোনালি ধানে ভরপুর শস্যক্ষেতের পাশাপাশি নানারঙের সবজি খেতও এক উৎসবমুখর কর্মযজ্ঞের কেন্দ্র। ধান কাটার মৌসুমের সঙ্গে তাল মিলিয়ে এবার সবজি উৎপাদনেও জোয়ার এসেছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও প্রাণবন্ত করেছে।
উপজেলার মাওনা, তেলিহাটি, বরমী, গাজীপুর, গোসিংগা, কাওরাইদ, রাজাবাড়ি ও প্রহ্লাদপুর এলাকার মাঠে ধান কাটার পাশাপাশি বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, শসা, লাউ, মুলো, শাক-সবজি ও কুমড়ার চাষেও কৃষকেরা মনোযোগ দিচ্ছেন। ক্ষেতজুড়ে সবজি গাছের সবুজ সতেজতা অগ্রহায়নের আগমনী বার্তাকে আরও উজ্জ্বল করেছে।
স্থানীয় কৃষক ইকবাল হোসেন জানান, ধান ঘরে তোলা শুরু করেছি। একইসঙ্গে সবজি ক্ষেতের পরিচর্যা এখন সবচেয়ে বেশি দরকার। সবজি বিক্রি করে প্রতিদিন কিছু টাকা হাতেই পাওয়া যায়, তাই ধানের পাশাপাশি সবজি আমাদের বড় ভরসা। কৃষক পরিবারের নারী সদস্যরাও সবজি উৎপাদনে সক্রিয় ভূমিকা রেখেছেন। উঠানজুড়ে লাউ, কুমড়া ও শসার মাচায় তারা প্রতিদিন যত্ন নিচ্ছেন।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ বছর ধান উৎপাদন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি। সবজি উৎপাদনও তাদের দৈনিক আয়ের বড় উৎস। শীতকালীন সবজির বাজারদরও ভালো, ফলে কৃষকরা লাভবান হবেন। ক্ষেত থেকে তাজা মুলা, বাঁধাকপি, শাক-পাতা ও লাউ সংগ্রহ করে কৃষকরা স্থানীয় বাজারে পাঠাচ্ছেন। নতুন ধান ও শীতের সবজির সমাহার গ্রামের ঋতু-পরিবর্তনের সৌন্দর্য আরও উজ্জ্বল করছে।
ধান শুকানোর কাজে ব্যস্ত শিশুদের আনন্দও দৃশ্যমান, যা পুরো গ্রামাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।
রিপোর্টার্স২৪/আয়েশা